
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আয়েশা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (২২ জুলাই) দুপুরে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবপুর থেকে হবিগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এক নারী যাত্রী বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. শাহাজাহান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। তবে এ তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার নারীকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 

















