
”একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আগামী প্রজন্ম”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গোপীনাথপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (GSA) উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’।
শনিবার (৩০ মে) দুপুরে সংগঠনটির আয়োজনে এই মহতী কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
দুপুর ২টায় জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবী তরুণরা ময়নার মোড় হয়ে ছোনটিয়া বাজার এলাকা পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন।

সংগঠনটির আহ্বায়ক মো. সুমন আহমেদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে GSA-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবকরাও এই কার্যক্রমে তরুণদের সাথে হাত মেলান।
বৃক্ষরোপণকালে আয়োজকরা বলেন,এসো সবাই মিলে গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়াই’—এই প্রতিপাদ্যকে ধারণ করেই আমাদের আজকের এই আয়োজন। জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। আগামীতেও আমাদের এমন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”
তরুণ শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, তরুণদের এই উদ্যোগ দেখে অন্যরাও পরিবেশ রক্ষায় গাছ লাগাতে অনুপ্রাণিত হবে।
এ আলম, জামালপুর থেকে। 



















