
মৌলভীবাজারের শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো.ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা-মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতর বিভিন্ন বোতলে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পরে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (৩২) এবং ইটাগাছা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০)।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মদ ও জব্দ করা ট্রাকসহ গ্রেপ্তার দুজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজারঃ 










