
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীম। যুক্তি, তত্ব ও তথ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, চিন্তাশীল, সহনশীল এবং দায়িত্বশীল করে গড়ে তুলে। একজন বিতার্কিক মাদকাসক্ত, কিশোর গ্যাং ও বখাটেপনার মতো অপরাধে জড়াতে পারে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ার ওপর গুরুত্ব দিতে হবে।

বিএফএফ-সমকাল বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজবাহ উদ্দিন,শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি তোফাজ্জুল সোহেল, মাধবপুর সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নাসরিন হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও ধামালী চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ বাহার।

এর পূর্বে সকাল ৯টায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাহুবলের শরৎচন্দ্র উচ্চবিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমী, বহুলা উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এর মধ্যে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী চ্যাম্পিয়ন ও রানার্স হয় সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর শিক্ষার্থী বসুন্ধরা দাস বিন্দু।
প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, ‘আগের মত এখন আর বিতর্ক উৎসব হয়না। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান চর্চার সুযোগ পায়। তাই সমকাল যে বিতর্ক উৎসবের আয়োজন করেছে তা খুবই প্রশংসীয়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে’।
বিশেষ প্রতিনিধি।। 








