
গ্রামের বাড়ির উঠানে থাকা ধানের গোলা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে ধান নেই-রয়েছে মাদকের বড় চালান। রাতের আঁধারে পুলিশ অভিযান চালাতেই বেরিয়ে আসে সেই চিত্র। গোলার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের চালান মজুদের গোপন তথ্য পায় পুলিশ। পরে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালান।
অভিযানের একপর্যায়ে পুলিশের নজর যায় বাড়ির ধানের গোলার দিকে। তল্লাশি চালিয়ে সেখান থেকে একে একে বেরিয়ে আসে ফেন্সিডিলের বোতল। পরে গণনা করে মোট ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। ধানের গোলার ভেতরে ফেন্সিডিল লুকিয়ে রেখে পার পাওয়ার যে কৌশল নেওয়া হয়েছিল, পুলিশের নজরদারিতে তা ব্যর্থ হয়েছে। মাদকের মূল উৎপাটনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-০৮, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার কুটিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট প্রতিনিধি 

















