
চ্যানেল আইয়ের জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘পি.ও.জে. মিউজিক সবুজ সুরের সন্ধানে সিজন ১’-এর চূড়ান্ত পর্বে (গ্র্যান্ড ফিনালে) জায়গা করে নিয়েছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রতিভাবান সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম সুমন। আগামী শুক্রবার (২১ আগস্ট ) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে।
গ্র্যান্ড ফিনালেতে নিজের অবস্থান নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সুমন তাঁর সকল শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, সবার অকৃত্রিম ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার পথ ধরেই তিনি আজ এত বড় একটি জাতীয় মঞ্চের চূড়ান্ত পর্বে পৌঁছাতে পেরেছেন।
”অনলাইন সিলেট”কে দেওয়া এক সাক্ষাৎকারে সুমন বলেন, “আপনাদের সবার দোয়া ও ভালোবাসাকে সম্বল করে আমি সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ, আগামীকালের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।
তিনি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে বিনীত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর ফেসবুক পেজের পোস্টটি বেশি বেশি শেয়ার করে খবরটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আগামীতেও তাঁর পাশে থাকার জন্য দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 


















