
আগামী ৩ বছরের জন্য মাধ্যমিক শিক্ষকদের অভিভাবক সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) ঐতিহ্যবাহী মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৩৩ জন নিবন্ধিত শিক্ষক ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে মোট ৫টি শীর্ষ পদের মধ্যে ৩টি পদে একক প্রার্থী থাকায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদ (নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক পদে মো: শাহিনুর মিয়া (আম বাগান উচ্চ বিদ্যালয়) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম (একতা উচ্চ বিদ্যালয়)।
বাকি দুটি শীর্ষ পদের মধ্যে সভাপতি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর রত্না হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আবু তাহের ২১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব মানিক পেয়েছেন ১৯২ ভোট ।
অন্যদিকে, সবচেয়ে বেশি আকর্ষণ ও উত্তাপ ছড়ানো সাধারণ সম্পাদক পদে চারজন শিক্ষকনেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোফাজ্জল হোসেন ১৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম তালুকদার পেয়েছেন ৭৯ ভোট।
সম্পূর্ণ গণতান্ত্রিক ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারসহ এলাকার সর্বস্তরের শ্রেণী-পেশার মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মখলিছ মিয়া, বানিয়াচং। 
















