
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার ৫ম বার্ষিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তথ্য আদান-প্রদান ও গ্রামীণ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রশাসনের অন্যতম সহায়ক শক্তি। যথাযথ মূল্যায়ন ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ইউনিয়নের উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ নাসের, ভাইস চেয়ারম্যান শেখ ইউনুছ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ এবং গোয়াইনঘাট সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. শামিমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গোয়াইনঘাট উপজেলার বিশাল এলাকায় মাত্র ১০৩ জন গ্রাম পুলিশ দিন-রাত দায়িত্ব পালন করছেন। গ্রাম পুলিশ বাহিনী শক্তিশালী হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এর সুফল পাবে সাধারণ মানুষ। তাই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে মাসিক মাত্র ৭ হাজার ৫০০ টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে গ্রাম পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ কারণে অবিলম্বে গ্রাম পুলিশ সদস্যদের বেতন বৃদ্ধি এবং চাকরি জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট প্রতিনিধি 


















