
জামালপুর পৌর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থিত ‘নবাব রেস্টুরেন্টে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড় এলাকার জনপ্রিয় খাবার হোটেল নবাব রেস্টুরেন্টে তদারকি চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরে ক্ষতিকর পোড়া তেল ব্যবহার, ফ্রিজে বাসি ও পচা খাবার সংরক্ষণ এবং কোনো ধরনের উৎপাদন বা মেয়াদের লেবেল ছাড়াই মোড়কজাত খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের সত্যতা পান আদালত।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 


















