
জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের আড়ালে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধ এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে শাহবাজপুর মোড় এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওই ঘটনার প্রতিবাদে এবং পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— গেস্ট হাউজের আড়ালে চলা অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সমাজ থেকে মাদক ও অপরাধ সম্পূর্ণ নির্মূল করা।
তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা।
একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।
মো. খোরশেদ আলম/ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 


















