
সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
বুধবার ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় ও কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকায় এই অভিযান চালানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে যে, টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ী, ঔষধ ও কসমেটিকস পরিবহন করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি কাভার্ডভ্যানটিকে অনুসরণ করতে শুরু করে। একপর্যায়ে গাড়িটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব ও বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি আটক করেন।

পরবর্তীতে কাভার্ডভ্যান চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা আবাসিক এলাকার ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে আছে, ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট: ১,৭৭,৬৩০ পিস, ভারতীয় শাড়ী: ১০০ পিস,CODL সিরাপ: ১,২৯০ পিস, BONZVA সিরাপ: ৪৯৭ পিস, KETODERM শ্যাম্পু: ১০০ পিস, ACNASOPT ফেসওয়াশ: ৮০ পিস ও GLUSTER সিরাম: ২৯ পিস। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ ৫২ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান রোধে র্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 



















