
আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ জুন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রভাষক মুহা. আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও সাংবাদিক আব্দুস সামাদ আজাদ।

এ সময় বক্তব্য রাখেন প্রভাষক মুজাহিদুল ইসলাম চৌধুরী, প্রভাষক সাজু দেব রায়, প্রভাষক জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাসুম আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সুবর্ণা সূত্রধর।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের সুস্থ থেকে মনোযোগের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শেরপুর হাইওয়ে থানা মসজিদের খতিব মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মো.সেলিম বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, এটি উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রত্যাশা, তারা শুধু ভালো ফলই করবে না, বরং আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।
তিনি বলেন, সফলতার কোনো শর্টকাট নেই। অধ্যবসায়, শৃঙ্খলা ও সময়ের মূল্য বোঝার মধ্য দিয়েই জীবনে বড় অর্জন সম্ভব। পরীক্ষাকে ভয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকেও সমান গুরুত্ব দিতে হবে।
মৌলভীবাজার প্রতিনিধি 


















