
সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জনসমাগমের সুযোগ নিয়ে বড় ধরনের ছিনতাইয়ের প্রস্তুতিকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত ২ মে (শনিবার) সিলেট নগরীর জেলা স্টেডিয়াম এলাকা এবং আম্বরখানার একটি আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রধানমন্ত্রীর সফর ও সাম্প্রতিক সময়ে নগরীতে ছিনতাই বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ প্রথমে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের ‘সানরাইজ আবাসিক হোটেল’-এর ২০২ নম্বর কক্ষে অভিযান চালায় র্যাব। সেখান থেকে চক্রের আরও ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬টি ধারালো ছুরি, ব্লেড এবং ছিনতাইকৃত ২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ৯ জনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, যারা মূলত প্রধানমন্ত্রীর জনসভার ভিড়কে কাজে লাগিয়ে ছিনতাই করতে সিলেটে এসেছিল। গ্রেফতারকৃতরা হল, নারায়ণগঞ্জ সদর এলাকার মোঃ রনি (২৪), মোঃ রাসেল (২৮), আবু বকর (২৪), মোঃ জিহাদ হোসেন (২৮), মোঃ সিয়াম হোসেন (২১) এবং মোঃ নাজমুল ইসলাম (২৬)।

নারায়ণগঞ্জের বন্দর ও কাশিপুর এলাকার, শাহাজালাল বেপারী (২৯) ও মোঃ নুর ইসলাম (৪০)। হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোঃ অপু (৩২) এবং মোঃ আজিজুর রহমান (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা জনসমাগমের সুযোগ নিয়ে সাধারণ পথচারীদের টার্গেট করার পরিকল্পনা করছিল। র্যাব জানায়, এই অপরাধীরা পর্যটন নগরী সিলেটে পর্যটকের বেশে অবস্থান করে নিয়মিত এ ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তারা অস্ত্র ও মাদক উদ্ধারে ব্যাপক সাফল্য দেখিয়েছে। এই সময়ে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র, বিস্ফোরক, ১,৩২৬ কেজি গাঁজা, ১২,৪৪২ পিস ইয়াবাসহ প্রায় ৮১ লক্ষ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন আলোচিত মামলায় এ পর্যন্ত দুই শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত এই ১০ ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
সাদেক আলী খান। 
















