
টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশের অভিযানে দুইটি গাঁজার গাছসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ১৭ এপ্রিল ভোরে উপজেলার বানিয়াজান ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম তাহমিনা সুলতানা ঋতু (৪০), সে বানিয়াজান ঘোনাপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের স্ত্রী। এই ঘটনায় তার স্বামী মোঃ সাইদুর রহমান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনা ও মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে এসআই মোঃ মনোয়ার হোসাইন ও সঙ্গীয় ফোর্স বানিয়াজান ঘোনাপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান। ভোর ৬:৫৫ মিনিটে তাহমিনা সুলতানার হেফাজত থেকে চাষ করা ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯)। মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৮ (ক) এবং ৪১ ধারা সংযুক্ত করা হয়েছে।
ধনবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 


















