
লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় মর্মান্তিকভাবে প্রাণ হারানো সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ অভিবাসনপ্রত্যাশীর পরিবারের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) বেলা ২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। তবে বিএনপি সবসময়ই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও জানান, সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। সরকার ও দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমব্যথী এবং তাদের সব ধরনের সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী-এর দ্রুত সুস্থতা কামনা করেন।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অ্যাডভোকেট আব্দুল হক (সদস্য সচিব, জেলা বিএনপি), অ্যাডভোকেট মাসুক আলম (সদস্য, জেলা বিএনপি) আব্দুর রশিদ চৌধুরী (সদস্য, জেলা বিএনপি) এটিএম হেলাল (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে এবং দীর্ঘ যাত্রায় অনাহারে দিরাই উপজেলার ৭ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আক্তার হোসেন দিরাই প্রতিনিধি 


















