
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মাধবপুর থানাধীন মীরনগর এলাকার বাসিন্দা নূর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নূর রহমান (৪৫): পিতা- মৃত আঞ্জুম আলী, সাং- মীরনগর, মাধবপুর। মোঃ আলী (৪২): পিতা- মোঃ ইসরাফিল, সাং- কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া সদর। মোঃ মাসুম (২৫): পিতা- মোঃ মিসির আলী, সাং- মীরনগর, মাধবপুর।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি 


















