
মৌলভীবাজার–৩ (মৌলভীবাজার সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।
তিনি বলেন, এবারের নির্বাচন জনগণের খর্ব হওয়া গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। বিগত সরকারের সময়ে টানা তিনটি নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার ও বাজার টার্নিং এলাকায় গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসের রহমান আরও বলেন, অতীতে মৌলভীবাজার জেলায় যে উন্নয়ন হয়েছে, তার সিংহভাগই বিএনপি সরকারের আমলে। কক্সবাজার ও মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হলেও কক্সবাজারে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে, অথচ মৌলভীবাজার সেই উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। গত ১৭ বছর ধরে জেলার গ্রামীণ অবকাঠামো ও সড়ক ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, নির্বাচিত হলে জেলার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শমসেরনগর বিমানবন্দর চালু এবং শ্রীমঙ্গল–ঢাকা বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলামসহ জেলা, পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মৌলভীবাজার প্রতিনিধি 


















