
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৭তম মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্মৃতিচারণ, ভ্রাতৃত্বের বন্ধন ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন উপভোগ করেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
মিলনমেলাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত ভেন্যুতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, শৈশবের স্কুলজীবনের অম্লান স্মৃতিগুলো একে অপরের সাথে ভাগ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা।
দীর্ঘদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সহপাঠীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এই আনন্দঘন আয়োজনে অংশ নেন টাঙ্গাইল সদর–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ব্যাচের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, কেবল আনন্দ উদযাপনই নয়, বরং পুরনো বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করা এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।
সবশেষে এক বর্ণাঢ্য প্রীতিভোজ এবং আগামীতে আরও বড় পরিসরে একত্রিত হওয়ার অঙ্গীকার নিয়ে শেষ হয় ৮৯ ব্যাচের এই ৩৭তম মিলনমেলা।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 















