
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সরঞ্জাম রাখার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে মনতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার (২২ এপ্রিল) ভোর আনুমানিক ৫:৫০ ঘটিকায় দুষ্কৃতকারীরা মন্দিরের সরঞ্জাম সংরক্ষণের টিনশেড ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। এতে মালামালের ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় মন্দিরটি।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সরাসরি দিক-নির্দেশনায় তদন্ত শুরু হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২:৩০ মিনিটে মাধবপুর থানার ৩নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত মোঃ বোরহান উদ্দিন সোহাগ (৩৭) কে গ্রেপ্তার করা হয়। সে আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের (প্রকাশ তালেবর) ছেলে।
মাধবপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি 


















