
সিলেটের বিশ্বনাথে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন সাবেক স্ত্রী। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে মির্জারগাঁও গ্রামের পাশে সুরমা নদীর তীরে এই ধর্ষনের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন ভিকটিম।
শনিবার দুপুরে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক স্বামী উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত রহিম আলীর ছেলে আবুল লেইছ (৫০) কে লামাকাজী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একই গ্রামে ধর্ষণের শিকার ওই নারীর বাবার বাড়িও। তবে এই নারী দীর্ঘদিন ধরে খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশে গুচ্ছগ্রামে বসবাস করে আসছেন।
এঘটনায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে মামলা রেকর্ড করে পুলিশ। মামলা নং-(১৮)। রোববার সকালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ওই নারী তার বাবার বাড়ি লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রাম থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করা হয় বলে তিনি জানান। শনিবার সকালে থানায় গিয়ে ওই নারী অভিযোগ করলে আবুল লেইছ (৫০) কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আর রাতে ওই নারীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসি’তে প্রেরণ করে পুলিশ।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

















