
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১০ নেতাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তাঁদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মৌলভীবাজার জেলার নেতারা হলেন—শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু; কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ। এছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূইয়া।
অন্যদিকে, একই বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মৌলভীবাজার প্রতিনিধি 

















