
হবিগঞ্জের লাখাই উপজেলার অন্তর্ভুক্ত ৫ টি শিশু সুরক্ষা কমিউনিটি হাবের কমিউনিটি ফ্যাসিলিটেটর (সি.এফ) ও পিয়ার লিডার (পি.এল) দের মধ্যে শিশু সুরক্ষা বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল ৯ টায় লাখাই উপজেলার কনফারেন্স হলরুমে উক্ত প্রশিক্ষণের সূচনা হয়।
হবিগঞ্জ জেলার পিভিএইচপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত শিশু অধিকার কর্মকর্তা রুমেনা আক্তার মুক্তার সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ টি এম মোহিতুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে দুইদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার সিএইচও মোঃ হৃদয় মিয়া এবং সহ-প্রশিক্ষক হিসেবে ছিলেন লাখাই ও বাহুবল উপজেলার সিএইচও আশিকুর রহমান।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন,আপনারা জানেন, একটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সুরক্ষা সবচেয়ে জরুরি। আমাদের লাখাই উপজেলার প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় আপনারাই আমাদের চোখ, আপনারাই আমাদের কান।
তিনি বলেন,আমি আপনাদের কাছে ৩টি বিষয়ে বিশেষ অনুরোধ করতে চাই:- সচেতন থাকবেন: শিশুর প্রতি কোনো ধরনের সহিংসতা,বাল্যবিবাহ, শিশুশ্রম দেখলে চুপ করে থাকবেন না।
তথ্য দিবেন:কোনো শিশু ঝুঁকিতে আছে বলে মনে হলে সাথে সাথে আমাদের অফিসে,বা ইউনিয়ন পরিষদে জানাবেন।
পাশে থাকবেন: ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে সাহস দিবেন, তাদের পাশে থাকবেন। আপনাদের এই স্বেচ্ছাশ্রমের জন্য আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,লাখাই, হবিগঞ্জের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আশা করি, এই দুই দিনের প্রশিক্ষণ থেকে যা শিখলেন, তা আপনারা মাঠে কাজে লাগাবেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটি এম মোহিতুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়।
উল্লেখ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিউনিটি হাব গুলোতে শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধ কার্যক্রম চলমান আছে।
লাখাই প্রতিনিধি। 


















