
লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে দুপুর বেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এর সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন সহ উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধি বৃন্দ।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান।
‘রপ্তানীমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভার শুরুতে প্রজেক্ট এর মাধ্যমে প্রানী সম্পদের উৎপাদন ও এর বর্তমান অবস্থা এবং নিরাপদ মাংস, ডিম ও দুধ প্রাপ্তি নিশ্চিত করতে করনীয় বিষয় উপস্থাপন করা হয়। আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ সহ খামারীরা।
বক্তারা বলেন, হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে প্রানী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে একটি সম্ভাবনাময় অঞ্চল। উপজেলাটি ডিম,মাংস ও দুধ উৎপাদনে বর্তমানে নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে রয়েছে। তাই এ ক্ষেত্রে উদ্বৃত্তের উপজেলা হিসেবে উত্তোলনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মাংস ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধি করলেই হবেনা তা হতে হবে নিরাপদ। নিরাপদ মাংস ডিম ও দুধ উৎপাদন একটি বড় চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্জ মোকাবিলায় এন্টিবায়োটিক এর যথেচ্ছা ব্যবহার রোধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যত্রতত্র পোল্ট্রি ফার্মে গড়ে উঠায় এবং এগুলো সঠিক মনিটরিং এর অভাবে আমাদের পরিবেশে এর মারাত্মক প্রভাব পড়ছে।
হুমকির মুখে জনস্বাস্থ্য। গবাদিপশু গরু ছাগল এর মাংস প্রক্রিয়াজাত করনে কোন কসাইখানা না থাকায় যে যার মতো পশু জবাই করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিপণন করে আসছে।এতে নিরাপদ মাংস প্রাপ্তি হুমকির মুখে।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধি। 


















