
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাত সোয়া ২টার দিকে উপজেলার বরম সিদ্দিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোক্তার হোসেন (২৮)। তিনি কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিরপুর গ্রামের মো. মশাহিদ আহমদের ছেলে। অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে কোম্পানীগঞ্জের শান্তির বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল জানতে পারে, বরম সিদ্দিরপুর এলাকার মোক্তার হোসেনের বসতবাড়িতে জাল নোট লেনদেনের উদ্দেশ্যে কারবারিরা অবস্থান করছে। রাত ২টা ২৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোক্তার হোসেনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।

পরে আটককৃত মোক্তার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরের খাটের তোশকের নিচে থাকা একটি কালো ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৯৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টিসহ মোট ১৮৯টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোন তল্লাশি করে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটে প্রবেশ এবং জুয়ায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোক্তার হোসেন স্বীকার করেছেন যে, তিনি ও পলাতক সহযোগী অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার এবং মোবাইলে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি-৯।
স্টাফ রিপোর্টার 



















