
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন (GESMIN) প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক, মাছহাট, কাঁচাবাজার ও ভূমি অফিস প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান সরকারের অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর অর্থায়নে ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করে। এতে শতাধিক কিশোর-কিশোরী, নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও মোছা.পলি খাতুন। এ ছাড়া জেসমিন (GESMIN) প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ কওনান মুরসালিন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শেলী আক্তার, ইউপি সদস্য বেদেনা বেগম ও শাহিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বালাইনাশকের নিরাপদ ও সঠিক ব্যবহার, নির্ধারিত মাত্রা অনুসরণ, ব্যবহারের সময় প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী পরিধান এবং বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বালাইনাশকের নিরাপদ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফসল চাষাবাদের ক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব কৃষিচর্চার প্রতি গুরুত্ব দিতে হবে।
জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা এ কর্মসূচির মাধ্যমে কৃষক ও স্থানীয় জনগণের মধ্যে বালাইনাশকের সঠিক ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাজারের বিভিন্ন বালাইনাশকের দোকানে লিফলেট লাগানো হয়। কর্মসূচিটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
মোঃ খোরশেদ আলম, জামালপুর 


















