
“চোখের আলোয় কাটুক আঁধার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ব্র্যাক এরিয়া অফিসে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করেছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।
বৃহস্পতিবার ১২ নভেম্বর আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
চক্ষু পরীক্ষা শেষে ছানি অপারেশনের জন্য ১৩ জন রোগীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের ব্র্যাকের সহযোগিতায় যমুনা চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বল্পমূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সহায়তা করা হবে।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তির সমস্যা ও ছানি অন্ধত্বের অন্যতম কারণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। ব্র্যাকের এ ধরনের মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক ‘সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ, দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক আরজিনা খাতুন এবং যমুনা চক্ষু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও মেডিকেল টিমের সদস্যসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে চক্ষুস্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ খোরশেদ আলম, জামালপুর 


















