
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর আনুমানিক রাত ১২.৪৫ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় ‘সৈকত পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য হল, ৪৯ পিস ভারতীয় কম্বল ৩৬০ পিস আমুল কোল প্রিমিয়াম কেসার (Amul kool premium Kesar), ১২৮ পিস পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংক (Paper boat swing coconut water drink)
ডিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হল, মো. নাইম বেপারী (২২) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার, দক্ষিণ চর্মসুরা গ্রামের মো. দ্বীন ইসলাম বেপারীর ছেলে, মো. তানভীর ইসলাম (২৫) নারায়ণগঞ্জ সদরের জীমখানা (১৬নং ওয়ার্ড) এর মো. সাইফুল ইসলাম ছেলে এবং মো. মুন্না (২৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশীপুর (কাউন্সিল অফিস) এলাকার আলমগীর হোসেনের ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act) ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা (নং-১২, তারিখ: ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার 


















