
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার মুখে টহল দলের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জব্দ করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বিজিবির ওপর হামলায় জড়িত এবং পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার : 


















