
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক বছর বয়সী শিশু যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় শাহ স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪) এবং বাহুবল উপজেলার ২নম্বর পুটিজুড়ি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে শিশু গিরিরাজ পাল (০১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিরিরাজ পাল তার বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট যাচ্ছিল। একই অটোরিকশায় ছিলেন সাইদুর রহমান, যিনি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়চর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত সাইদুর রহমানের বিয়ের এক বছর হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি 


















