
সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ অ্যান্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) এ কর্মশালার আয়োজন করে। এতে অর্থায়ন করে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নোরেক)।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। ইরা’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার ফজলুল করিম কর্মশালাটি সঞ্চালনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইরা’র নির্বাহী পরিচালক, ফাহমিদা আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, সুরমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ইরা সুনামগঞ্জের উক্ত প্রকল্পর মেডিকেল অফিসার ও পাবলিক হেলথ অফিসার, এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য ও পুষ্টিসেবা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।
শান্তিগঞ্জ প্রতিনিধি 


















