
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ৩টি ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার, একটি বেকো মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সরকারি বিধিবিধান মেনে চলার জন্য সতর্ক করা হয়।
প্রশাসন সূত্র আরও জানায়, নদী ও পরিবেশের ওপর অবৈধ বালু উত্তোলনের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 









