
হবিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ‘বানিয়াচং-নবীগঞ্জ এম এ রব সড়ক’-এর বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সড়কটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সুটকি ব্রিজের গোড়ায় (অ্যাপ্রোচ রোড) মাটি ধসে বিশাল গর্ত ও ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে সড়কটি ধসে পড়ে তিন উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে।
দ্রুত সময়ের মধ্যে ভয়াবহ ভাঙ্গনটি মেরামত করা না হলে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। বুধবার বিকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশ কয়েকটি পয়েন্টে পিচ ও ইট-সুরকি উঠে গিয়ে বিশাল খানাখন্দ তৈরি হলেও সবচেয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে সুটকি ব্রিজের গোড়ায়।
ব্রিজের একপাশের মাটি ও প্রতিরক্ষা দেয়াল ধসে পড়ার কারণে সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ভারী যানবাহন তো দূরের কথা, সিএনজি চালিত অটোরিকশা কিংবা হালকা যানবাহন চলাচল করাই এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙনকবলিত ব্রিজ পারাপার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক এবং সুটকি ব্রিজ দিয়ে প্রতিদিন বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে। ব্রিজের গোড়ায় এমন মরণফাঁদ তৈরি হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় যানবাহন চালক ও সাধারণ বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও সুটকি ব্রিজের গোড়ার এই বেহাল দশা থাকলেও কোনো স্থায়ী সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। দিন দিন ভাঙন আরও বড় হচ্ছে এবং সড়কটি ঝুকিপূর্ণ হয়ে উঠছে। উপজেলাবাসী অনতিবিলম্বে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
যাতায়াতকারীদের দাবি, কোনো বড় ধরণের দুর্ঘটনা ঘটার আগেই যেন জরুরি ভিত্তিতে সুটকি ব্রিজের গোড়াসহ পুরো সড়কটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
আতাউর রহমান মিলন। 


















