
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৪ জন। এ ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের দাবি, এত কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সুপারের দায়িত্বে থাকা এ এম এম শহীদুল্লাহর ভূমিকা নিয়েও নানা অভিযোগ তুলেছেন অভিভাবকদের কেউ কেউ।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার মানোন্নয়ন এবং ফলাফল ভালো করার ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন ছিল। দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকার পরও প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, প্রতিষ্ঠান পরিচালনায় প্রশাসনিক দুর্বলতা ও অব্যবস্থাপনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার এ এম এম শহীদুল্লাহর বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
সচেতন অভিভাবক ও স্থানীয়দের দাবি, মাদ্রাসাটির ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি: 

















