
হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ডা. ইলিয়াছ একাডেমি’তে শিক্ষার মানোন্নয়নে এক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনবান্ধব নেতা ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা ২০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও জ্যামিতি বক্স তুলে দেন প্রধান অতিথি।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল ফলাফলে সন্তোষ প্রকাশ করে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। পরীক্ষায় ছাত্রীদের ঈর্ষণীয় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যৎ সফলতা কামনা করেন। পাশাপাশি ছাত্রদের আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয়ে দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষা পরিবেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় ‘সবুজ বিপ্লব’ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন সংসদ সদস্য। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিবুর রহমান, মতিউর রহমান এবং রিমা আক্তার।
শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক মিটন চন্দ্র দাশ, সহকারী শিক্ষক চন্দন কুমার অধিকারী এবং আল মারুফে এলাহি।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দীপু রানী সরকারের সুনিপুণ ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।
মখলিছ মিয়া , বানিয়াচং প্রতিনিধি: 


















