
জামালপুরের বকশীগঞ্জে মাদকের নেশায় বাধা দেওয়া এবং টাকা না পেয়ে নিজ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অপরাধে নাহিদ মিয়া (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামে এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত নাহিদ মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার বাবা গোলাম রাব্বানীর ওপর চড়াও হন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাবাকে আহত করেন। ছেলের নিয়মিত নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে বাধ্য হয়ে বাবা নিজেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ভুক্তভোগী বাবা গোলাম রাব্বানী বলেন, মাদকের নেশায় সে আমাদের ওপর নিয়মিত নির্যাতন চালাত। প্রায়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করত। বৃহস্পতিবার সকালেও নেশা করে আমাকে মারধর করেছে। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে নাহিদ মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 


















