
মৌলভীবাজারের জুড়ীতে গভীর রাতে দুর্ঘটনায় গুরুতর আহত সাইফুর রহমান (৪৫) নামে এক মুমূর্ষু ব্যক্তিকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুধু তাই নয়, আহত ব্যক্তির পাশে পড়ে থাকা প্রায় ১ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল অক্ষত অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন ৫২ বিজিবি সদস্যরা। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ফুলতলা সীমান্তের এলভিন টিলা এলাকায় নিয়মিত টহল চলাকালে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সড়কের পাশে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, টহলরত সদস্যরা মানবিক দায়িত্ববোধ থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে ঘটনাস্থলে পড়ে থাকা তাঁর অর্থ ও অন্যান্য জিনিসপত্র নিরাপদে সংরক্ষণ করে পরিবারের সদস্যদের জিম্মায় দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে 


















