
হবিগঞ্জের লাখাইয়ে মো. মাহফুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯) সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাদিকারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজ মিয়া ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাহফুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় জারি হওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
লাখাই থানার পুলিশ আরও জানায়, মাহফুজের বিরুদ্ধে থাকা অন্য একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাহফুজের বিরুদ্ধে থাকা মামলার পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 








