
সিলেটের শাহপরাণ থানা এলাকায় গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় ১০টি গাড়ির মালিককে আর্থিক জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুর ২ টা ১০ থেকে ৩ টা১০ পর্যন্ত পরিচালনা করা এই যৌথ অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ১০টি গাড়ির মালিকের কাছ থেকে সর্বমোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















