
মৌলভীবাজার ও সিলেট জেলার অন্তর্গত ৫২ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৯–এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেয়। এ সময় চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ, শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে 


















