
জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার রানাগাছা মুদিবাড়ি মোড় এলাকায় রাজিব পরিবহনের একটি বেপরোয়া বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চার জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২২ জুলাই বুধবার জামালপুর থেকে ছেড়ে ঢাকাগামী দ্রুতগতির রাজিব পরিবহনের বাসটি নান্দিনা পার হয়ে মুদিবাড়ি মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে লাহাড়ীকান্দা বাজার এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও ক্ষুব্ধ যাত্রীরা মহাসড়কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান রাজিব পরিবহনের বাস গুলো প্রায় সময়েই বেপরোয়া হয়ে চলাচল করে এর র্মূলে রয়েছে অদক্ষ ও নেশাগ্রস্ত চালক। বেপরোয়া গতির কারনে প্রতিনিয়তই দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ দিতে হয় বা আহতের শিকার হয় পথচারী এবং সাধারণ যাত্রীদের । বেপরোয়া এই বাস সার্ভিস অবিলম্বে বয়কট এবং ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর থেকে। 


















