
টাঙ্গাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-১৪ সিপিসি-৩ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ মে (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হল— শেরপুর জেলার বাসিন্দা মো. হাসান (২১) এবং মো. নুরুজ্জামান (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালায় র্যাব। এ সময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের হেফাজতে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে বিদেশী মদ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রি ও সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মোঃ সাজিদ পিয়াল, টাঙ্গাইল থেকে। 

















