
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বান্নি পার্ককে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পার্কের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন পোস্ট ও আলোচনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বান্নি পার্কের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি কয়েকটি ঘটনায় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করার কথাও স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।
নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি সামনে আসায় পার্কটির নিরাপত্তা,পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাঁদের মতে, বিনোদনের জন্য গড়ে ওঠা একটি পার্কে এমন অভিযোগ বারবার ওঠা উদ্বেগজনক।
স্থানীয়দের দাবি, পার্কের ভেতরে নিয়মিত নজরদারি বাড়ানো, প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পার্ক কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট 

















