
সিলেটের শাহপরাণ থেকে ১৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে শাহপরাণ (রহ.) থানা এলাকার শাহপরাণ মাজার রোডস্থ আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নাজিম উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানার নাটেশ্বর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১.১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে শাহপরাণ মাজার রোড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর ১.৩০ মিনিটের দিকে এসআরবি-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাজিম উদ্দিনকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের তোষকের নিচে রাখা একটি কালো পলিথিন ব্যাগের ভিতর থেকে ৯টি বায়ুরোধক জিপার ব্যাগে সংরক্ষিত মোট ১৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজিম জানায়, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 



















