
সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার জমা পড়েছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। টাকা ছাড়াও এতে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপার অলঙ্কার।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে জমা হওয়া অর্থ প্রকাশ্যে গণনা শুরু হয়। দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসক জানান, দিনভর স্বচ্ছতার সাথে গণনা শেষে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থ ছাড়াও মাজারের দানবাক্স ও ডেগ থেকে ১ ভরি ৮ আনা স্বর্ণ এবং ৩ ভরি ১৩ আনা রূপা উদ্ধার করা হয়েছে।
প্রকাশ্যে এই গণনাকালে নগদ টাকার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। কর্মকর্তা সূত্রে জানা যায়, দানবাক্সে মোট ১৬টি দেশের বৈদেশিক মুদ্রা মিলেছে।
দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে, ইউকে (পাউন্ড): ১৪ পাউন্ড, ভারত (রুপি): ৭,৬৪৭ রুপি, আমেরিকা (ডলার): ২৯ ডলার, ইউরোপ (ইউরো): ৭ ইউরো ৩৩ সেন্ট, ওমান: ১,৩৫০.৫০ বায়সা, সংযুক্ত আরব আমিরাত (দিরহাম): ৬৫ দিরহাম, নেপাল: ৫৫ রুপি, পাকিস্তান: ১০০ রুপি, মালদ্বীপ: ১৫ রুপি, শ্রীলঙ্কা: ৫০০ রুপি, রাশিয়া: ৫০ রুবল, থাইল্যান্ড: ২০ বাত, মালয়েশিয়া: ১১ রিঙ্গিত, হংকং: ১০ ডলার, ব্রুনাই: ১ ডলার, সৌদি আরব: ৯৩ পয়সা (রিয়াল) এবং কাতার: ১৭ পয়সা (রিয়াল)।
উলেখ্য, মাজারের পরিচালনা পর্ষদ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এটি ছিল পঞ্চমবারের মতো প্রকাশ্যে অর্থ গণনার আয়োজন।
বিশেষ প্রতিনিধি।। 



















