
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সাবেক এই সফল অর্থমন্ত্রীর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি কেবল একজন জাতীয় নেতা ছিলেন না, আমাদের মতো অসংখ্য নেতাকর্মীর অভিভাবক ছিলেন। আমরা তাঁর স্নেহধন্য হয়ে রাজনীতিতে পথ চলেছি। আমাদের ছাত্ররাজনীতি ও পরবর্তী রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তাঁর মতো দূরদর্শী নেতার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তিনি অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতি ও উন্নয়ন-অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নে তাঁর উদ্যোগগুলো যুগান্তকারী। এছাড়া সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার এবং নারী শিক্ষার প্রসারে তাঁর নীতিগত সিদ্ধান্ত দেশের সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। রাষ্ট্র পরিচালনায় তাঁর এই দূরদর্শিতা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে সিসিক প্রশাসক বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। সিলেটের মানুষ তাঁকে কেবল রাজনীতিক হিসেবে নয়, নিজেদের আপন মানুষ হিসেবে ভালোবাসতেন। দীর্ঘ সময় সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হলেও এখন দেশের মানুষ নতুন করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সিসিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেটের প্রতিনিধিরা রয়েছেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত সাইফুর রহমানের অনুসৃত পথ ধরে সিলেটের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ উৎসর্গকারী সকলের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 















