
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজকর্মী ও গোছাপাড়া গ্রামের মোঃ ইমন মিয়া (ইমন তাহেরি)। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমর্থন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
ইমন তাহেরি তাহেরীয়া সুন্নী যুব সংগঠন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ‘মোমবাতি’ প্রতীকের একজন কর্মী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর প্রতিষ্ঠিত দাওয়াতে ঈমানী বাংলাদেশের অধীন তাহেরীয়া সুন্নী যুব সংগঠন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইমন তাহেরিকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্যাডও প্রকাশ করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে ইমন তাহেরি অপেক্ষাকৃত তরুণ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তাঁর পরিচিতি রয়েছে।
ইমন তাহেরির শিক্ষাজীবন আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, চুনারুঘাট সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
তাঁর সমর্থকদের দাবি, ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আর্থসামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। করোনা কালে সচেতনতামূলক কার্যক্রম, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, ২০২২ ও ২০২৪ সালের বন্যায় ত্রাণসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, গরমের সময় বিভিন্ন বাজারে ঠান্ডা শরবত বিতরণ, ঈদসামগ্রী ও রমজানে ইফতারসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অংশ নিয়েছেন।
ইমন তাহেরি বলেন, ইউনিয়নের চা শ্রমিকসহ গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের অধিকার ও সমস্যার কথা তুলে ধরতে চান। নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, ইমন তাহেরিকে ঘিরে আহম্মদাবাদ ইউনিয়নের সুফিবাদী ও সুন্নী মতাদর্শের অনুসারীদের একটি অংশ নির্বাচনী মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে।
তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন এবং কোন প্রার্থী কোন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক সমর্থন পাচ্ছেন—তা নির্বাচনী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি: 















