
বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে স্মৃতি পরিষদ ও পরিবারের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কোরআন খতম শেষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণি বিতরণ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।
এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের অর্থনীতি ও উন্নয়নে তাঁর ভূমিকা এবং সামাজিক অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।
মৌলভীবাজার প্রতিনিধি 















