
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জামশেদ মিয়া (৭৫)-এর মরদেহ নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর হাওর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কাউয়া দিঘি হাওরের মাঝের বান্দ এলাকায় পানির ওপর ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশের কাউয়া দিঘি হাওরে যান জামশেদ মিয়া। একপর্যায়ে মাঝের বান্দ এলাকায় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাওরে তার খালি নৌকা ভাসতে দেখে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করেন তারা।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, জামশেদ মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে হাওরে গেলেও সেদিন আর জীবিত ফিরে আসেননি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার প্রতিনিধি 

















