
সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে নিখোঁজ এক কিশোরীকে দ্রুততম সময়ে উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পারিবারিক মনোমালিন্যের জেরে হোটেল থেকে বেরিয়ে যাওয়া ওই কিশোরীকে উদ্ধারের পর কাউন্সিলিং শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টায় এক দম্পতি কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে জানান যে, তাদের মেয়ে হোটেল রুম থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। ঠিক সেই মুহূর্তে সংবাদ আসে যে, নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এক কিশোরী অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে ঘোরাফেরা করছে।
খবর পাওয়া মাত্রই কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে কিশোরীর বাবার মাধ্যমে তাকে শনাক্ত করা হয় এবং নিরাপদ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক মনোমালিন্যের কারণে অভিমান করে ওই কিশোরী হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম কে অবহিত করা হয়। পুলিশ কমিশনার মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় থানায় নিয়ে আসার পর মহিলা পুলিশের উপস্থিতিতে কিশোরীকে প্রয়োজনীয় কাউন্সিলিং প্রদান করা হয়।
পরবর্তীতে মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ওই কিশোরীকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করে পুলিশ। নিখোঁজ হওয়ার অল্প সময়ের মধ্যেই মেয়েকে ফিরে পাওয়ায় ভিকটিমের পরিবার পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
স্টাফ রিপোর্টার 














