
মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত দেশের বৃহত্তম জনপ্রিয় জলপ্রপাত এবং অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। প্রচলিত ধর্মীয় উপাচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুণ্যার্থীরা স্নান উৎসবে অংশ নেন। আশপাশের এলাকা ও দূর-দূরান্তের হিন্দু ধর্মাবলম্বীরা এই স্নানোৎসবে যোগ দেন।
এখানে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও ছুটে আসেন বারুণী স্নান দেখতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য লাভের মনোভাসনায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতের পানিতে পুণ্যস্নান করেন সনাতন ধর্মের নারী, পুরুষ ও শিশুরা। এসময় পুণ্যার্থীর ভিড়ে মাধবকুন্ড জলপ্রপাত এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিবছরের মতো এবারও বাংলা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয় এ আয়োজন।

হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমে ভোর থেকেই শুরু হয় পুণ্যস্নান, পূজা, প্রার্থনা ও বিশেষ আরাধনা। অনেক ভক্ত পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন এই ধর্মীয় অনুষ্ঠানে। ঐতিহ্যবাহী বারুণী স্নান পরিদর্শন করেন মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে 


















